প্রতি ডোজ টিকার দাম হবে ৪২৫ টাকার মতো: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:২০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার প্রতি ডোজের দাম ৪২৫ টাকার মতো পড়বে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
শনিবার (২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, “প্রতি ডোজ টিকার ক্রয়মূল্য ৪ ডলার। সব খরচ মিলিয়ে দাম পড়বে ৫ ডলার। বাংলাদেশি টাকায় হিসাব করলে ৪২৫ টাকার মতো।
তিনি বলেন, “অন্য যে কোনো ভ্যাকসিনের দাম এর চেয়ে বেশি। চায়নিজরা কোনো কোনো ভ্যাকসিন প্রতি ডোজ ২০ ডলারের বেশি দাম চেয়েছে। ফাইজারের ভ্যাকসিনের দাম পড়বে ৩০ থেকে ৩৮ ডলার।”
চুক্তি অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’। করোনাভাইরাসের এই টিকা সরকার কিনে তা বিনামূল্যে বিতরণ করবে বলে আগেই জানানো হয়েছে।
টিকা কেনার জন্য এ সপ্তাহেই ইন্ডিয়ায় অর্থ পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “ব্রিটেন এই টিকার অনুমোদন দিয়েছে, গতকাল ইন্ডিয়া সরকারও টিকার অনুমোদন দিয়েছে। অল্প কিছু দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই টিকার অনুমোদন দেবে।
তিনি বলেন, “সরকার আগে ব্যবস্থা নেওয়ার কারণেই তিন কোটি ডোজ টিকা আনার বিষয়টি নিশ্চিত হয়েছে।”

