থানায় ধর্ষণের আসামিকে দেখেই ‘জ্ঞান হারাল’ শিশুটি
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:২০
গাইবান্ধায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমান (২২) সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
শনিবার (২ জানুয়ারি) রাতে থানায় শনাক্তের জন্য ওই যুবককে শিশুটির সামনে হাজির করলে তাকে দেখেই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে বলে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান।
ওসি বলেন, থানায় শিশুটি সংজ্ঞা হারানোর পর স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর ওই শিশুর বাবা ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে নলডাঙ্গা বাজারে যান। তার আগের দিন শিশুটির মা তার বাবার বাড়ি বেড়াতে যান। বাবা-মায়ের অনুপস্থিতিতে ওই দিন দুপুরে মিজানুর রহমান শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়।

