করোনায় হাসপাতালে ল্যারি কিং
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৩০
আমেরিকায় জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
তার পরিবারের ঘনিষ্ঠ লোকজন এবিসি নিউজ ও সিএনএনকে জানিয়েছেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি লস অ্যাঞ্জেলসের সিডার-সিনাই মেডিকেল সেন্টারে আছেন।
বিবিসি জানিয়েছে, দীর্ঘ ৬০ বছরের কর্মজীবনে দুটি পিবডি ও একটি অ্যামি পুরস্কারসহ বহু প্রশংসা অর্জন করেছে কিং।
সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগসহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করেছেন ৮৭ বছর বয়সী কিং। তার হাসপাতালে থাকার বিষয়ে কিংয়ের প্রতিনিধিরা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি। এ কারণে তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
কিংয়ের ঘনিষ্ঠ এক ব্যক্তি সিএনএনকে বলেছেন, “গত কয়েক বছরে ল্যারি বহু স্বাস্থ্যগত সমস্যার মোকাবেলা করেছেন আর এবারও কঠিন লড়াই করছেন, তিনি একজন চ্যাম্পিয়ন।”

