নাইজারের ২ গ্রামে ‘জঙ্গি হামলায়’ নিহত ৭৯
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৪৫
নাইজারের দুটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
পশ্চিম আফ্রিকার দেশ মালি সীমান্তের নিকটবর্তী গ্রাম দুটিতে একযোগে হামলা চালানো হয় বলে দেশটির পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই জন কর্মকর্তা শনিবার (২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, চৌমবানগৌ গ্রামে প্রায় ৪৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, জারৌমদারাই গ্রামে আরও প্রায় ৩০ জন নিহত হয়েছেন। মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে নাইজার সরকারের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

