ইংরেজি মাধ্যম স্কুলের সেশন ফি নিয়ে হাই কোর্টের রায় স্থগিত
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:২৫
ইংরেজি মাধ্যমের স্কুলের পুনরায় ভর্তি বা সেশন ফির নামে অর্থ আদায় নিষিদ্ধ করে প্রায় চার বছর আগে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
তবে প্রত্যেক জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং দেশীয় কৃষ্টি-সংস্কৃতির আবহে পালন করা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ প্রখ্যাত বাঙালি কবি-সাহিত্যিকদের রচনাবলীর সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে যে নির্দেশনা ছিল, সেটি বহাল রাখা হয়েছে।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে গ্রিন ডেল ইন্টারনেশনাল স্কুলের অধ্যক্ষের আপিলের আবেদন গ্রহণ করে রবিবার এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ।
এদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
আইনজীবী আনিসুল হাসান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৭ সালের ২৫ মে হাই কোর্ট ১৭ দফা নির্দেশনা দিয়ে রায় দিয়েছিল। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভটু আপিল করেন গ্রিন ডেল ইন্টারনেশনাল স্কুলের অধ্যক্ষ।
“সেটি আজ শুনানির জন্য ছিল। আপিল বিভাগ লিভ টু আপিল গ্রহণ করেছেন এবং ১৭ নম্বর নির্দেশনাটি বাদে রায়টি স্থগিত করে দিয়েছে। ফলে হাই কোর্টের রায় মেনে চলার বাধ্যবাধকতা আর থাকছে না।”
অভিভাবকদের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ২০১৪ সালের ২৩ এপ্রিল হাই কোর্ট ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি বা সেশন চার্জ আদায় থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার নির্দেশ দিয়েছিল।

