জরুরি অবস্থা জারির কথা ভাবছে জাপান
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:০৩
জাপানের রাজধানী টোকিও ও এর আশপাশের তিনটি এলাকায় এ সপ্তাহে জরুরি অবস্থা জারির কথা ভাবছে দেশটি। সোমবার (৪ জানুয়ারি) ফুজি টিভির খবরে এ কথা জানানো হয়। দেশটিতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হওয়া ও হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপে নেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
জাপানে বিদায় নেওয়া বছরের শেষ দিন গত ৩১ ডিসেম্বর এক দিনে রেকর্ড ৪ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়। পরে রাজধানী ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি স্থানীয় কর্তৃপক্ষ আহ্বান জানায়।
তবে দেশের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে এ আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেননি প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা। তবে এ নিয়ে তিনি এক সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। করোনার নতুন ধাক্কা সামলাতে এরই মধ্যে অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে রাত আটটা থেকে রেস্তোরাঁ ও কারাওকে পারলারগুলো এবং সন্ধ্যা সাতটা থেকে পানশালা বন্ধ রাখতে বলেছে সরকার।
করোনার প্রথম ঢেউ চলাকালে বিভিন্ন দেশে কঠোর লকডাউনের পদক্ষেপ নিতে দেখা গেলেও জাপান ভিন্ন পন্থা গ্রহণ করে। দেশটি স্বেচ্ছায় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখা ও ভ্রমণ থেকে বিরত থাকার মতো পদক্ষেপের ওপর নির্ভর করে।

