বাইডেন প্রশাসন নিয়ে আশা দেখছে চীন
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:১৬
চলতি মাসেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। তার আমলে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী চীন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আশা প্রকাশ করেছেন, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যে ঠান্ডা যুদ্ধ নীতি নিয়েছিলেন, বাইডেনের আমলে তার অবসান ঘটবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করছেন, বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করবেন বাইডেন। ওয়াং ই-এর কথায়, ‘আশার নতুন জানালা খুলছে’।
চীনের বিরুদ্ধে বরাবরই কঠোর মনোভাব নিয়ে চলেছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য থেকে করোনা সংক্রমণ— সব ক্ষেত্রেই বেজিংকে কাঠগড়ায় তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট। যার জেরে দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে।
চীনের সরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াং ই আশা প্রকাশ করেছেন, বাইডেন প্রশাসনের বিচক্ষণ সিদ্ধান্ত চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ককে স্বাভাবিক করবে এবং আবার আগের মতোই ফিরবে দ্বিপাক্ষিক সহযোগিতায়।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে চীন। যা নিয়ে নিজের অসন্তোষ গোপন করেনি আমেরিকা। ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছে ওয়াশিংটন।

