কোথায় গেলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:২৩
চীনা শিল্পপতি ও ই-কমার্স সংস্থা আলিবাবা-র কর্ণধার প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। জ্যাক মা-কে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ। তিনি কোথায়, জানাতে পারছে না দেশ-বিদেশের তাবড় সংবাদমাধ্যমও। এর মধ্যেই তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিরুদ্ধে চীনা নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপে গুঞ্জন আরও জোরালো হয়েছে।
সারাদিনে একাধিক বিষয় নিয়ে টুইট করতেন তিনি। কিন্তু সেই সোশ্যাল মিডিয়া থেকেই প্রায় দু’মাস ‘উধাও’। শেষ টুইট গত বছরের অক্টোবরে। দু’মাস ধরে দেখা যাচ্ছে না কোনও অনুষ্ঠানেও।
বিষয়টি প্রথম নজরে আসে, যখন একটি টিভি শোয়ের বিচারক পদ থেকে মা-কে সরিয়ে অন্য আর এক বিচারককে আনা হয়। অনুষ্ঠানটি চূড়ান্ত পর্বের কোনও প্রচারেও দেখা যাচ্ছিল না মা-কে। এর কিছু দিন আগেই চীন সরকার ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিষেবার সমালোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন মা। দু’মাস আগে শাংহাইয়ের ওই অনুষ্ঠানে শি চিনফিং সরকারের নিন্দা করায় তার উপরে খোদ চীনা প্রেসিডেন্ট রুষ্ট ছিলেন বলেন দাবি বেশ কিছু সংবাদমাধ্যমের।
চীনের সবচেয়ে বিত্তশালী তো বটেই, গোটা বিশ্বের ২৫ জন ধনীর মধ্যে তিনি অন্যতম। মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি। তিনি চীনা সরকারের সমালোচনা করতে পিছপা হতেন না
তিন সন্তানের বাবা জ্যাক মা। শাংহাইয়ের ঘটনার পরে মা-য়ের আর এক সংস্থা অ্যান্ট-কে আর্থিক নজরদারি সংস্থার কোপে পড়তে হয়। তার ঠিক পরেই চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা থেকে মুছে যায় তার নাম।
চীন-আমেরিকা দ্বন্দ্বের পরিস্থিতিতেও নিউ ইয়র্কের একটি হাসপাতালে কমপক্ষে দু’হাজার ভেন্টিলেটর দান করে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা কুড়িয়েছিলেন মা। বেজিং সেটাও ভাল চোখে দেখেনি ।
১০ অক্টোবর শেষ টুইট করেছিলেন মা। আলিবাবার এক মুখপাত্রের দাবি, সময়ের অভাবে টিভি শোয়ের বিচারক পদ থেকে সরে এসেছিলেন মা।

