দাদার দাদাগিরি অটুটই থাকবে: দেবী শেঠি

দাদার দাদাগিরি অটুটই থাকবে: দেবী শেঠি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:২৪

সৌরভ গাঙ্গুলির ‘দাদাগিরি’ অটুটই থাকবে বলে জানিয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠী।

মঙ্গলবার (৫ জানুয়ারি) আলিপুরের বেসরকারি হাসপাতালে সৌরভের সাথে দেখা করেন দেবী শেঠী। মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলার পর বিশিষ্ট এই চিকিৎসক জানান, ‘‘সৌরভ একেবারে ফিট। স্বাভাবিক জীবনযাপন তো বটেই, কিছুদিন পর ম্যারাথনও দৌড়তে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।’’ বুধবার (৬ জানুয়ারি) সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌরভের চিকিৎসায় ১০ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন হৃ্‌দরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। ৫ জানুয়ারি সকালে তিনি হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে কথা বলেন। তারও পরে সৌরভের শারীরিক অবস্থা এবং তার চিকিৎসার খুঁটিনাটি নিয়ে বৈঠক করেন মেডিক্যাল বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে।

এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেঠি প্রথমেই বলেন, ‘‘হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদ্‌যন্ত্রে কোনও সমস্যা নেই। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না। একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন মহারাজ।’’

তিনি বলেন, ‘‘সৌরভ ধূমপান করেন না। অন্য কোনও বদভ্যাসও নেই। নিয়মিত শরীরচর্চা করেন। তার পরেও এই ধরনের হার্ট অ্যাটাক চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। সৌরভ সবই করেছেন। কিন্তু দীর্ঘদিন কোনও শারীরিক পরীক্ষা করাননি। যে পরীক্ষা এই দেশের যে কোনও রাস্তার ল্যাবরেটরিতেও করানো যায়। ফলে আগে থেকে তার অসুখের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সৌরভ ওই পরীক্ষা করালে অন্তত ১৫ বছর আগে এই ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যেত।’’

সৌরভের শেষবার ‘লিপিড প্রোফাইল’ বা ওই ধরনের রক্তপরীক্ষা হয়েছিল ১৬-১৭ বছর আগে। এর মাঝখানে তিনি নিয়মিত কোনও পরীক্ষা করাননি। চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ৪০ বছর বয়স হওয়ার পর বছরে অন্তত দু’বার ওই ধরনের পরীক্ষা করা উচিত। তা হলে প্রত্যেকেরই নিজেদের শারীরিক অবস্থা সম্পর্কে একটা সম্যক ধারনা থাকে। সেই অনুযায়ী চিকিৎসা করানো যায় বা সাবধানতা অবলম্বন করা যায়।

ডাঃ শেঠি বলেন, ‘‘সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়েছে। উন্নত বিশ্বের যে কোনও দেশে ঠিক এই চিকিৎসাই করা হত। এর বাইরে কিছু হত না।’’

তিনি আরও বলেন, ‘‘এখন বাইপাস সার্জারির পরেও সংশ্লিষ্ট রুগী বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেতে পারেন। অর্থাৎ, নিজের তো বটেই, ৩০০-৪০০ যাত্রীর দায়িত্বও তিনি নিতে পারেন। সৌরভও কয়েকদিন পর ম্যারাথন দৌড়োতে পারবেন। চাইলে বিমানও চালাতে পারবেন। জটিল কিছু হয়নি। আপাতত অন্য সকলের মতোই ঘরে বসে কাজও করতে পারবেন সৌরভ।’’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading