শিগগিরই ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামী করছে তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে। আর এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, দেশের জনগণের এবং আমাদের সরকারের।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা সেটা দেখেছেন, কারা এটা (ভাঙচুর) করেছে। আমরা সবগুলোকে অ্যারেস্ট করেছি। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, কুষ্টিয়াতে আরেকটি ভাস্কর্য, বাঘা যতীনের ভাস্কর্যও ভাঙা হয়েছে। তাদেরকেও আমরা চিহ্নিত করেছি এবং তাদের নামে মামলা হয়েছে।”

ভাস্কর্যের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “যাতে জন্ম-জন্মান্তরে, প্রজন্মের পর প্রজন্ম চিনতে পারে, জানতে পারে এই বাঘা যতীন কে ছিল কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু তিনি যে শুধু বাংলাদেশের নেতা নন, সারা বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী তাকে যেন হৃদয়ে ধারণ করতে পারি, সেই কারণে ভাস্কর্য আমরা তৈরি বা স্থাপন করি। এগুলো হল ইতিহাসে সংস্কৃতির একটা অংশ বা পার্ট। বাংলাদেশ যে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে তা নয় আরও অনেক ভাস্কর্য রয়েছে। সারা পৃথিবীতে মুসলিম চিন্তাবিদ বা লিডারদের ভাস্কর্য অনেক জায়গায় রয়েছে।মুসলিম তারকাদের ভাস্কর্য রয়েছে। আমরা মনে করি, ভাস্কর্য কোনো পূজার জিনিস নয়। স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সবাইকে আহ্বান করব, আপনারা আইন হাতে তুলে নেবেন না। এই কাজটি যারা করছেন, তাদেরকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবেন। আর এদেশের জনগণ অনেক সংস্কৃতিমনা। কাজেই এ দেশের জনগণ কোনোদিন কোনো ভাস্কর্য ভাঙেনি। এগুলো ষড়যন্ত্র, এরা চিহ্নিত ষড়যন্ত্রকারী, তাদেরই একটা অপপ্রয়াস।”

প্রসঙ্গত, ভাস্কর্য বিরোধিতা এবং ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের জুনাইদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading