ভ্যাকসিন নিয়ে ঢাকার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: দিল্লি
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:০০
ইন্ডিয়া জানিয়েছে যে তারা সব সময় তাদের প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়। তাই যথাসময়ে কোভিড-১৯ টিকা পাওয়া নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
মঙ্গলবার নয়াদিল্লির এক কূটনৈতিক সূত্র ইউএনবিকে বলেন, ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধানের দেয়া বিবৃতি আমরা দেখেছি। প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ ইন্ডিয়া তার প্রতিবেশীদের সব সময় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে, এবারও ভিন্ন কিছু হবে না।’
ইন্ডিয়ায়র প্রতিবেশী প্রথম নীতির আওতায় বাংলাদেশকে ইন্ডিয়ায়র সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টি পুনরায় উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত বছরের ১৭ ডিসেম্বর এক সম্মেলনে আশ্বাস দিয়েছিলেন যে ইন্ডিয়ায় টিকা উৎপাদনের সাথে সাথেই তা বাংলাদেশকে দেয়া হবে।
এ বিষয়ে বেসরকারি খাতের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টিও উভয় নেতা উল্লেখ করেছিলেন।
দুই দেশ তাদের দেশে বিদ্যমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে এবং চলমান সংকটের সময়ে নিজেদের মধ্যকার স্থিতিশীল সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে।
এদিকে, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা টুইটে উল্লেখ করেছেন যে সম্প্রতি সৃষ্টি হওয়া যে কোনো ভুল বোঝাবুঝি তারা দূর করবেন।
তিনি টুইটে বলেন, ‘আমি দুটি বিষয় পরিষ্কার করতে চাই; যেহেতু জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সব দেশে টিকা রপ্তানির অনুমতি আছে এবং ইন্ডিয়া বায়োটেক বিষয়ে সাম্প্রতিক ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে একটি যৌথ গণবিজ্ঞপ্তি দেয়া হবে।’
কোভিড-১৯ টিকা সরবরাহ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সোমবার উড়িয়ে দিয়ে বলেছেন, ইন্ডিয়া থেকে যথাসময়েই টিকা পাবে বাংলাদেশ।

