জোড়া খুন:সাবেক এমপির ছেলে রনিকে জামিন দেননি হাইকোর্ট
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:৩০
ঢাকার ইস্কাটনে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুই জনকে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে হাইকোর্টে তার জামিন মিললো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (৬ জানুয়ারি) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি ঢাকার ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-২-এর বিচারক মঞ্জুরুল ইমাম এই রায় দেন।
আদালত রায়ে বলেন, ‘বখতিয়ার আলম রনির পিস্তল থেকে ছোড়া গুলিতে দুটি প্রাণ ঝরে গেছে। এর দায় আসামি এড়াতে পারেন না। তাই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো।’

