জামিন পেলেন না জুলিয়ান অ্যাসাঞ্জ

জামিন পেলেন না জুলিয়ান অ্যাসাঞ্জ

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৩৫

উইকিলিসক প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কারামুক্তি চেয়ে ব্রিটিশ আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। বুধবার (৬ জানুয়ারি) তারা যুক্তি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ না করতে ব্রিটিশ আদালতের রায়ের বিরুদ্ধে ওয়াশিংটনের আপিল শুনানি স্থগিত থাকায় ব্রিটিশ কারাগার থেকে জামিন পেতে পারেন। তবে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত ওই আবেদন প্রত্যাখান করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনের একটি আদালতের রায়ে বলা হয়েছে, বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং যুক্তরাষ্ট্রে আত্মহত্যার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এই রায় দেন বিচারক। তারা এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই সপ্তাহের মধ্যে আইনি যুক্তি উপস্থাপনের কথা জানিয়েছে তারা।

২০১২ সালের জুন থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেন ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ। এরইমধ্যে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ব্রিটিশ পুলিশও অ্যাসাঞ্জকে হেফাজতে নিয়েই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ আদালতে যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনও মঙ্গলবার বলেছেন, আইনি লড়াই শেষ হলে অ্যাসাঞ্জ নিজ বাড়িতে ফিরতে পারবেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading