‘১০ হাজার কোটি কালো টাকা সাদা হয়েছে, অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি’
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৪৫
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানিয়েছেন, গত ছয় মাসে ১০ হাজার কোটি টাকার বেশি কালো টাকা সাদা হয়েছে। অফিশিয়ালি এ টাকাগুলো মূল ধারায় যুক্ত হওয়ায় অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বুধবার (৬ জানুয়ারি) সিঙ্গাপুরে অবস্থানকারী অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘টাকা পলিসিগত কারণে কালো হয়। অনেকেই ট্যাক্স দেয়, আবার অনেকেই দেয় না। ট্যাক্স রেট বেশি ছিল। আস্তে আস্তে এগুলো কমিয়ে আনতে হবে। সুদের হার অনেক বেশি ছিল। এত বেশি সুদ হারে কোনও দেশে শিল্পায়ন হয় না। শিল্পায়ন না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না। এখন ৬ শতাংশ সুদে ঋণ পাচ্ছে যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বিদেশে টাকা রাখলে উল্টো টাকা দিতে হবে। সেখানে লাভ পায় না, যদিও পায় সেটা এক থেকে দেড় শতাংশ। সেখানে আমাদের দেশে ৬ শতাংশ পাচ্ছে। এটা হলো আমাদের ইতিবাচক দিক।’

