রোহিঙ্গাদের মিয়ানমার পাঠানোই আমাদের মূল টার্গেট: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:০০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বল প্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোই হচ্ছে আমাদের মূল টার্গেট। তিনি বলেন, ‘তাদের প্রত্যাবাসন কীভাবে হবে তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। সেজন্য আমরা সবাই কাজ করছি। আমাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। তার আগে তাদের ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।’
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা শেষে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

