ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪ জন
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:২০
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে আট রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ছয়জন ঢাকায় এবং রাজধানীর বাইরে দুজন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে এখন পর্যন্ত নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২০ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১২টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর ৯টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে সাতটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
২০১৯ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

