বর্জ্য অভিযান: পান্থপথ থেকেই ১২৫ টন বর্জ্য অপসারণ
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৪৫
রাজধানীর পান্থপথ ও সেগুনবাগিচা বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে দুই দিনে পান্থপথ বক্স কালভার্ট থেকে ১২৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, চতুর্থ কার্যদিবসের পান্থপথ বক্স কালভার্টের পান্থকুঞ্জ আউটলেটে ম্যানুয়ালি ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে এবং রাসেলে স্কয়ার আউটলেটে যন্ত্র ব্যবহার করে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পান্থকুঞ্জ আউটলেটে পুঞ্জিভূত পচনশীল দ্রব্যের ৫ থেকে ১০ ফুট পুরু বর্জ্যের স্তর দেখা যায়। পান্থপথ কালভার্টে তৃতীয় কার্যদিবসের কার্যক্রমে ৪৭ টন বর্জ্য এবং চতুর্থ কর্মদিবসের দিন ও রাতের বেলায় পরিচালিত কার্যক্রমে ৭৭ দশমিক ৬১ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সব মিলিয়ে তৃতীয় ও চতুর্থ কার্যদিবসে ১২৪ দশমিক ৬১ টন বর্জ্য অপসারণ করা হয়।
অপরদিকে সেগুনবাগিচা কালভার্টের গোপীবাগ আউটলেটে চলমান কার্যক্রমে অপচনশীল দ্রব্যের আধিক্য থাকায় সেখানে ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

