ব্লক করা হয়েছে ট্রাম্পের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৪৯
আমেরিকার ক্যাপিটল বিল্ডিং সংলগ্ন এলাকা ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উত্তাল। ইতিমধ্যেই এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
বিক্ষোভকারীদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ বাঁধে পুলিশের। যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে ট্রাম্পের টুইট ঘিরে বাঁধে বিতর্ক। টুইটবার্তায় ট্রাম্প আবেদন করেন হিংসা ছড়াবেন না। আমরা এমন এক দলের সদস্য কর্মী, যে দল আইন শৃঙ্খলার কথা বলে।
কিন্তু বিতর্ক তৈরি হয় অন্য জায়গায়। নিজের টুইটবার্তার কোথাও ট্রাম্প বিক্ষোভকারীদের এলাকা খালি করে দিতে বলেননি। এই বিক্ষোভ দমন করার চেষ্টাও দেখাননি। এর আগে ট্রাম্প নিজের সমর্থকদের মিছিল করে ক্যাপিটল বিল্ডিংয়ের একটি নির্দিষ্ট অংশে যেতে বলেছিলেন। তিনি বলেছিলেন, এই মিছিলে তিনিও যোগ দিতে পারেন। জো বাইডেনের কাছে ভোটে হেরে গিয়ে নিজের হতাশাও প্রকাশ করেছিলেন ট্রাম্প।
ঐ টুইটের পরেই ১২ ঘন্টার জন্য ট্রাম্পের টুইটার ব্লক করে দেওয়া হয়। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিক্ষোভ চলতে থাকলে পুরোপুরি ভাবেই অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে ট্রাম্পের।

