নদী খনন করতে গিয়ে পাওয়া গেল ১১৪ কেজির মূর্তি
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬: ১৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় কালো পাথরের একটি মূর্তি পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মূর্তিটি পাওয়া যায়।
বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় মূর্তিটি জমা দেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা।
সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা সংবাদমাধ্যমকে বলেন, পাঁচবিবি উপজেলা এলাকায় তুলসীগঙ্গা নদীতে খননকাজ করার সময় নদীর তলদেশে একটি মূর্তি পাওয়া যায়। আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা বিষয়টি প্রশাসনকে জানান। ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। কালো পাথরের মূর্তিটির ওজন ১১৪ কেজি।
পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি কালো পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। ওই দুটি মূর্তিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।
পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, পাঁচবিবির পাথরঘাটা সংরক্ষিত প্রত্নতত্ত্ব এলাকা। সংরক্ষিত এলাকার বাইরে নদী খনন করার সময় মূল্যবান পুরাকীর্তির মূর্তি পাওয়া যাচ্ছে।

