করোনার মধ্যেও বেড়েছে সড়ক দুর্ঘটনা, ৫৪৩১ জনের প্রাণহানি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:৪৫
করোনা মহামারী আর লকডাউনের মধ্যেই গত ২০২০ সালে সারাদেশে ৪৭৩৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ হাজার ৪৩১ জন। এসব দুর্ঘটনা আহত হয়েছেন ৭ হাজার ৩৭৯ জন। নিহতের মধ্যে নারী ৮৭১ ও শিশু ৬৪৯ জন। শুক্রবার (৮ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনার পর্যবেক্ষণ ও পর্যালোচনায় বলা হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ০.৮৯ শতাংশ, প্রাণহানি বেড়েছে ৪.২২ শতাংশ এবং আহতের মাত্রা বেড়েছে ৩.৮৮ শতাংশ। ২০২০ সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ১৫.৮৯ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৫৪.৮১ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮১১টি (৩৮.২৪%) জাতীয় মহাসড়কে, ১৬০৫টি (৩৩.৮৯%) আঞ্চলিক সড়কে, ৬১৭টি (১৩.০৩%) গ্রামীণ সড়কে, ৬৪৪টি (১৩.৬০%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে (ফেরিঘাট, নদীর তীর, ফসলের মাঠ, ড্রাইভিং প্রশিক্ষণ মাঠ) ৫৮টি (১.২২%) সংঘটিত হয়েছে।
দুর্ঘটনাসমূহের ১১১৪টি (২৩.৫২%) মুখোমুখি সংঘর্ষ, ১২৫৫টি (২৬.৫০%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৫৭৩টি (৩৩.২২%) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৭০৯টি (১৪.৯৭%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৮৪টি (১.৭৭%) অন্যান্য কারণে ঘটেছে।
এতে আরও বলা হয়, বছরব্যাপী ১৩৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ হাজার ৪৬৩ জন, যা মোট নিহতের ২৬.৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ২৯.১০ শতাংশ। দুর্ঘটনায় ১ হাজার ৫১২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৭.৮৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮৩ জন, অর্থাৎ ১২.৫৭ শতাংশ।
বছরব্যাপী ১১৯ টি নৌ-দুর্ঘটনায় ২৭২ জন নিহত, ১৩৭ জন আহত এবং নিখোঁজ ৬২ জন। ১০৮টি রেলপথ দুর্ঘটনায় নিহত ২২৮ জন এবং আহত ৫৪ জন।

