ফের ভোটের মাঠে রেজাউল-শাহাদাত
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:৩০
পুনঃতফসিল অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আবারও পাড়া-মহল্লায় পোস্টার, মাইকিং, গণসংযোগ শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার (৮ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রধান দু’টি রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী ও বিএনপির শাহাদাত হোসেন নগরীর জেলরোডে শাহ আমানতের মাজার জিয়ারতের মাধ্যমে ভোটের প্রচারণা শুরু করেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত পদের কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন।
চসিক নির্বাচনে মেয়র পদে রেজাউল-শাহাদাতসহ ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকিরা হলেন— বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এম এ মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম। তবে পুনরায় প্রচারণা শুরুর দিনে নগরীতে রেজাউল-শাহাদাত ছাড়া অন্য মেয়র প্রার্থীদের তেমন তৎপরতা দেখা যায়নি।
প্রসঙ্গত, গত বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোভাইরাসের সংক্রমণের কারণে ২১ মার্চ নির্বাচনটি স্থগিত করা হয়। ৫ আগস্ট সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হয়। এরপর সিটি করপোরেশন পরিচালনার জন্য নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৬ আগস্ট তিনি দায়িত্ব নেন। পুনঃতফসিল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

