চোট নিয়েই পেস বোলারের জীবন: সাইফউদ্দিন
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:০৭
চোট থেকে ফেরার পর ৮ জানুয়ারি থেকে বোলিং শুরু করেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গত কয়েক দিন ব্যস্ত ছিলেন বালুর ওপর ভারসাম্য ঠিক রাখার অনুশীলনে।
প্রথমে ছোট রানআপে দুই ওভার। পরে লম্বা রানআপে তিন ওভার। এক স্টাম্প দাঁড় করিয়ে উইকেটে স্পট বোলিংয়ের কিছু চিহ্ন রেখে হাত ঘুরালেন। ৮ জানুয়ারি বোলিং করেছেন ৬০ ভাগ জোর দিয়ে। ৯ জানুয়ারি ৮০ ভাগ জোর দিয়ে।
অনুশীলন শেষে সাইফউদ্দিন গণমাধ্যমকে জানালেন, ১০ জানুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হলে বোলিং করবেন পুরোদমে।
জাতীয় দলের কোচরা এসে সম্পূর্ণ ফিট সাইফউদ্দিনকেই দেখতে চাইবেন। ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।
সাইফউদ্দিনকে এমন ফেরার লড়াই কদিন পরপরই করতে হয়। ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার, কিন্তু চোট-আঘাতের সঙ্গে লড়াইটা নতুন নয়। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই চোটের কারণে থেমে থেমে চলছে সাইফউদ্দিনের ক্রিকেট-যাত্রা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলার আগেই দুর্ভাগ্যজনকভাবে আবার চোটে পড়েন সাইফউদ্দিন। সেই চোট পুরোপুরি না সারতেই আবার মাঠে নামেন। খেলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তিনটি ম্যাচ। পরে এমআরআই করলে দেখা যায় চোট এখনো সারেনি। শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে সাইফউদ্দিনকে পাওয়া নিয়ে। পরে অবশ্য সময়মতো সুস্থ হয়ে উঠেছেন।
চোট নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, ‘অভ্যাস হয়ে গেছে। এসব নিয়েই পেস বোলারের জীবন। আর জীবনে চাপ না থাকলে উপভোগ করা যায় না।’
সাইফউদ্দিনকে আগামী দুই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে খেলতে হবে সম্ভাব্য ছয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এর মাঝে আবার কয়েকটি প্রস্তুতি ম্যাচও আছে। ওয়ানডে সিরিজ শুরুর আগে বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আছে। তার আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

