মুজিববর্ষে নওগাঁয় গৃহহীনদের জন্য ১ হাজার ৫৬ বাড়ি নির্মাণ
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৪০
নওগাঁ জেলায় মুজিববর্ষ উপলক্ষে মোট ১ হাজার ৫৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেয়ার কর্মসূচি এগিয়ে চলেছে। জেলা প্রশাসকের প্রত্যক্ষ তত্বাবধানে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচি বাস্তবায়নে মোট আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে ১৮ কোটি ৫ লক্ষ ৭৬ হাজার টাকা।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি ২০২১-এর মধ্যেই অবশিষ্ট বাড়িগুলো নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হবে।
তিনি বলেছেন, ভূমিহীন ও গৃহহীন মানুষদের দুর্যোগ সহনীয় এসব বাড়ি নির্মাণ করে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিবর্ষের সেরা উপহার। এসব পরিবারগুলো গৃহ এবং ভূমিহীন হিসেবে অত্যন্ত দুর্বিসহ অসহায় জীবযাপন করছিলেন। দুই শতাংশ জমি এবং মোটামুটি একটি সুন্দর বাড়ি পেয়ে তাঁরা অত্যন্ত খুশি হয়েছেন। বিগত ৩০ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসিত হয়েছে। জেলা প্রশাসক হিসেবে এ কর্মসূচী বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকেও গৌরবান্বিত বোধ করেনে তিনি।

