বিনামূল্যে ভ্যাকসিন দিতে চাচ্ছে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:০৫
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আমাদের দেশে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। চায়না ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে চাচ্ছে, ইউরোপ ভ্যাকসিন দিতে চাচ্ছে, আমেরিকা ভ্যাকসিন দিতে চাচ্ছে। ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি থেকে বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। এই ভ্যাকসিন আমরা গ্রহণ করব এবং ফ্রন্ট লাইনারদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হবে।’
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রামণ আগের তুলনায় কমে গেছে। সংক্রামণের হার এখন সাড়ে পাঁচ শতাংশ, সুস্থতার হার ৯০ শতাংশ এবং মৃত্যুর হারও কমে গেছে। আমাদের দেশে কোনো ওয়েভ নাই। যেভাবে আমেরিকায় প্রত্যেকদিন চার হাজার লোক মারা যায়। পুরো বিশ্বে প্রায় ১০ হাজারের বেশি লোক মারা যায়। সেখানে আমাদের দেশে এখন মৃত্যু হার খুবই অল্প। দেশে গড়ে প্রতিদিন ২০/২৫ জন লোক মারা যাচ্ছে। তবে আমরা চাই না করোনায় আমাদের দেশে একটি লোকও মৃত্যুবরণ করুক। আমরা সবাই মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং প্রত্যেকেই পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। ফলে বাংলাদেশ ভালো আছে, অর্থনীতি ভালো আছে। পৃথিবীর সমস্ত দেশ যেখানে মাইনাসে চলে গেছে সেখানে আমাদের অর্থনীতি প্লাসে আছে।’
তিনি আরও বলেন, ‘করোনার সময় কেউ না খেয়ে থাকেনি। কেউ গৃহহীন হয়নি। সবাই ভালো আছে। আমরা এই অবস্থায় রাখতে চাই। আমরা আশা করছি চলতি মাসের শেষে অথবা সামনে মাসের প্রথম দিকেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে এবং ভ্যাকসিন দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে ভ্যাকসিনের কোনো অভাব হবে না।’

