৩০ মামলার আসামি ‘ডন নুরু’ গ্রেপ্তার

৩০ মামলার আসামি ‘ডন নুরু’ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:১০

পাহাড় দখলসহ নানা অপকর্মের জন্য আলোচিত ৩০ মামলার আসামি চট্টগ্রামের নাছিয়া ঘোনা এলাকার নুরে আলম ওরফে নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার শান্তিরহাট থেকে শুক্রবার (৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান। মো. কাউছার নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আকবর শাহ থানা ও গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের যৌথ দল নুরুকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল কয়েকদিন ধরে। প্রযুক্তি ব্যবহার করে নোয়াখালীর চরাঞ্চলে নুরুর অবস্থান নিশ্চিত হওয়ার পর বিভিন্ন চরাঞ্চলে পুলিশ অবস্থান নিয়েছিল। কিন্তু সে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করায় তাকে ধরা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। অবশেষে শুক্রবার রাতে কোম্পানিগঞ্জ থানার শান্তিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারের পর নুরুকে নিয়ে নাছিয়া ঘোনায় তার আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে মাটির নিচে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার, ৪০০ ইয়াবা ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান উপ-কমিশনার ফারুক উল হক।
চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনির নাছিয়া ঘোনা এলাকায় সব অপকর্মের ‘হোতা’ নুরুর বিরুদ্ধে পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অভিযোগে ৩০টি মামলা আছে নগরীর আকবর শাহ ও খুলশী থানায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading