‘পারমাণবিক যুদ্ধের ভয়ে’ ট্রাম্পকে অভিশংসনের দাবি
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:২০
কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত অভিশংসন করার পরিকল্পনার কথা বলছেন ডেমোক্র্যাটরা। তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার আগে অফিসের শেষ দিনগুলোতে ট্রাম্প যাতে পারমাণবিক যুদ্ধে বাঁধিয়ে দেয়া বা অন্য কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে অশান্তি আর বাড়তে না পারেন সে জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ ও সিদ্ধান্তের দাবি জানিয়েছেন।
ট্রাম্প বিদায়ের নির্ধারিত সময়ের আগে আরও দুই সপ্তাহেরও কম সময় পাচ্ছেন। তবে, ডেমোক্র্যাটরা তাকে এখনই বিতাড়িত করতে চান। যদিও কংগ্রেসে ট্রাম্পের পক্ষে কথা বলার জন্য তার দল রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন নেতা রয়েছেন।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার এক সম্মেলনে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের পদক্ষেপ নিতে হবে।’ আর আলাস্কার একজন ক্ষমতাধর রিপাবলিকান নেতা সেন লিসা মুরকোভস্কি অ্যাঙ্করেজ ডেইলি নিউজকে জানিয়েছেন, ‘ট্রাম্পের নিজ থেকেই বেরিয়ে যাওয়া দরকার।’
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে কংগ্রেসের অধিবেশন চলাকালে গত বুধবার ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে পাঁচজন নিহত হন। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট যখন তার চূড়ান্ত কাজগুলো শেষ করার মুহূর্তে উপস্থিত হয়েছেন তখন দেশের ইতিহাসে কলঙ্কজনক এ ঘটনা সংকট আরও বাড়াচ্ছে।

