চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার ভোর ৬টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে চলছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ উদ্বোধন করেন। এতে অংশ নিচ্ছেন দুই শতাধিক দৌড়বিদ।

তিনি বলেন, “সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এই ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।”

বাংলাদেশসহ ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন ও মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, ভারত, লেসেফো, স্পেন থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন অ্যাথলেট এই ম্যারাথনে অংশ নিচ্ছেন ।

এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন এই তিন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন হচ্ছে।

ফুল ম্যারাথনে (৪২.১৯৫ কিলোমিটার) দেশি-বিদেশি ১০০ জন দৌড়বিদ এবং হাফ ম্যারাথনে (২১.০৯৭ কিলোমিটার) ১০০ জন অংশ নিচ্ছেন।

বিদেশি দৌড়বিদদের মধ্যে ‘এলিট’ শ্রেণিতে ১৭ জন ও ‘সাব এলিট’ শ্রেণিতে ১২ জন দৌড়াচ্ছেন।

বাংলাদেশের সাধারণ দৌড়বিদদের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও ম্যারাথনে অংশ নিচ্ছেন বলে আগেই জানিয়েছিল আইএসপিআর।
ভোর সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই ম্যারাথন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ চত্বর, গুলশান-১ চত্বর হয়ে হাতিরঝিলে যাবে। সেখানে দুই চক্কর ঘুরে হাফ ম্যারাথন ও পাঁচ চক্কর ঘুরে ফুল ম্যারাথন শেষ হবে।

বেলা ১১টায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

হাফ ও ফুল ম্যারাথনের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মে ডিজিটাল ম্যারাথনের আয়োজন করেছেন আয়োজকরা, যাতে দেশ-বিদেশের যে কেউ নিবন্ধন করে তার সুবিধাজনক স্থানে দৌড়াতে পারবেন। এর দৈর্ঘ্য ৫ কিলোমিটার।

ডিজিটাল ম্যারাথনে অংশ নেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়। দেশি দৌড়বিদদের জন্য ১০০ ও ২০ টাকা এবং বিদেশি দৌড়বিদদের জন্য ৫ ডলার নিবন্ধন ফি রাখা হয় তাতে।

ফুল ম্যারাথনে পুরুষ ও নারী বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার ডলার করে, রানার আপ ১০ হাজার ডলার করে, তৃতীয় ৫ হাজার ডলার করে, চতুর্থ ৪ হাজার, পঞ্চম তিন হাজার, ষষ্ঠ ২ হাজার, সপ্তম স্থান অর্জনকারী ১ হাজার ডলার করে পুরস্কার পাবেন।

সার্কভুক্ত দেশ ও বাংলাদেশের পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়নরা ৫ লাখ টাকা করে, রানার আপ ৪ লাখ টাকা করে, তৃতীয় স্থান অর্জনকারী ৩ লাখ করে, চতুর্থ স্থান অর্জনকারী ২ লাখ এবং পঞ্চম স্থান অর্জনকারী ১ লাখ টাকা করে পাবেন।

আর হাফ ম্যারাথনে পুরুষ এবং নারী দুই বিভাগেই বিদেশি এলিট বিভাগের চ্যাম্পিয়ন ২ হাজার ৭০০ ডলার, রানার আপ ১ হাজার ৫০০ ডলার, তৃতীয় হওয়া দৌড়বিদ ৭৫০ ডলার পাবেন।

বাংলাদেশি অংশগ্রহণকারীদের মধ্যে চ্যাম্পিয়ন আড়াই লাখ টাকা করে, রানার আপ দুই লাখ করে, তৃতীয় দেড় লাখ করে, চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading