বাইডেনের অভিষেকে যাচ্ছেন পেন্স
উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:৫৫
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না যাওয়ার ঘোষণা দিলেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন।
শনিবার (৯ জানুয়ারি) প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগের দিন, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি তার উত্তরসূরীর অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত ট্রাম্প ভোটে ব্যাপক কারচুপি হয়েছে বলে ‘ভিত্তিহীন’ অভিযোগ করে আসছেন।
বুধবার আমেরিকার কংগ্রেসে ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলাকালে ট্রাম্পের উগ্র সমর্থকরা ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালায়। পুলিশ তাদেরকে সরাতে গেলে বাধে সংঘর্ষ। ওইদিনের দাঙ্গা ও সহিংসতায় এক পুলিশসহ ৫ জনের প্রাণ যায়।
ট্রাম্পের উসকানিতেই তার সমর্থকরা কংগ্রেস ভবনে হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টি করেছে অভিযোগ করে ডেমোক্র্যাটরা এখন বিদায়ী প্রেসিডেন্টকে ফের অভিশংসনের কাঠগড়ায় দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
কংগ্রেসে বাইডেনের জয়ের স্বীকৃতি আটকে দেওয়ার চেষ্টা নিয়ে ট্রাম্প ও পেন্সের মধ্যে বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

