ইরানে করোনার টিকা ট্রায়ালে অগ্রগতি
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:১০
ধাপে ধাপে এগোচ্ছে ইরানে করোনার টিকা ট্রায়াল। স্বেচ্ছাসেবীদের দেহে করোনার এই প্রতিষেধক প্রয়োগ করার কাজ চলছে ।
রবিবার (১০ জানুয়ারি) নতুন করে তিন জন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) আরও চারজন এই টিকা নেবেন। ‘কোভ ইরান বারাকাত’ নামক এই টিকার মানব ট্রায়ালের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৫৬ জনের দেহে তা প্রয়োগ করা হবে। আর তা করা হবে ধাপে ধাপে।
টিকা তৈরির সঙ্গে যুক্ত চিকিৎসা বিজ্ঞানী ডা. মিনু মুহরেয জানিয়েছেন, ইতিমধ্যে যারা টিকা নিয়েছেন তারা ভালোই আছেন।
তিনি জানিয়েছেন, এর আগে যে দুটি গ্রুপ টিকা নিয়েছে তাদের শরীরে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আপাতত তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিদিনই তাদের শারীরিক অবস্থার পরিবর্তন রেকর্ড করা হচ্ছে। আন্তর্জাতিক মান অনুসরণ করে টিকার পরীক্ষা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন তিনি।
গত ২৯ ডিসেম্বর সকালে একজন নারী স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগের মাধ্যমে ইরানের তৈরি টিকার মানব ট্রায়াল শুরু করা হয়েছিল।
ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী সংস্থার গবেষক দল এই টিকা তৈরি করেছে। ওই সংস্থার মুখপাত্র হুজ্জাত নিক মালাকি জানিয়েছেন, আশা করা হচ্ছে এই টিকার কার্যকারিতা ৯০ শতাংশের উপরে বলে প্রমাণিত হবে। তবে টিকার হিউম্যান ট্রায়াল শেষ হওয়ার পরই কেবল চূড়ান্ত কথা বলা যাবে।
তিনি বলেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন শ্রেণির-পেশার ৬৫ হাজার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে করোনার টিকার মানব ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫৬ জনকে নির্বাচিত করা হয়েছে। ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই টিকা তৈরির জন্য গবেষণা শুরু করে দেশটির গবেষক ও বিজ্ঞানীরা। ইরানে তিনটি টিকা নিয়ে কাজ চলছে বলে জানা গিয়েছে।

