করোনার দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন বাইডেন
উত্তরদক্ষিণ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:২০
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আজ সোমবার (১১ জানুয়ারি) করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেবেন। তিন সপ্তাহ আগে টিকার প্রথম ডোজ নেন তিনি। জনগণের আস্থা সৃষ্টির জন্য ওই সময় তার টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। খবর এএফপি।
জো বাইডেন (৭৮) গত ২১ ডিসেম্বর ডেলাওয়ারের ক্রিস্টিয়ানা হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন। সে সময় জনগণকে আশ্বস্ত করে তিনি বলেছিলেন, টিকা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
বাইডেনের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া প্রসঙ্গে তার দপ্তর বিস্তারিত না জানিয়ে বলেছে, নতুন প্রেসিডেন্ট এবারও গণমাধ্যমের সামনেই টিকা নেবেন।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখের বেশি মানুষ। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি বৃহৎ পরিসরে করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে এ মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

