ট্রাম্পের ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে নিল লিহাই বিশ্ববিদ্যালয়
উত্তরদক্ষিণ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৫৬
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করে নিলো দেশটির লিহাই বিশ্ববিদ্যালয়। ৩২ বছর আগে ট্রাম্পকে ডিগ্রিটি দেয়া হয়েছিল।
ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের হামলার দুই দিন পর বিশ্ববিদ্যালয়টি এ সিদ্ধান্তের কথা জানাল। খবর সিএনএন-এর।
আমেরিকার পেনসিলভানিয়ার লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি শুক্রবার (৮ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানায়। ডোনাল্ড ট্রাম্পকে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টির এক সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা ডিগ্রি দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক জেরেমি লিট্যাও এক টুইট বার্তায় লেখেন, ‘পাঁচ বছর ধরে আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের চাপের পর লিহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে এ সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি ফিরিয়ে নিয়েছে।’

