‘ভোগ’ ম্যাগাজিনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

‘ভোগ’ ম্যাগাজিনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

উত্তরদক্ষিণ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৪৩

শপথগ্রহণের আগে আমেরিকার নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের গায়ের রং নিয়েই বিতর্ক শুরু হয়েছে। জনপ্রিয় পত্রিকা ‘ভোগ’-এর প্রচ্ছদে ইচ্ছাকৃত ভাবে তাকে ফরসা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নির্বাচনী প্রচারে বারবার নিজের কৃষ্ণাঙ্গ এবং এশীয় পরিচয় টেনে এনেছিলেন কমলা হ্যারিস। এমনকি ভোটে জিতে ইতিহাস সৃষ্টির পর তা নিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন তিনি।

ফেব্রুয়ারি মাসের প্রচ্ছদের জন্য কমলাকে বেছে নিয়েছে ‘ভোগ’। রবিবার (১০ জানুয়ারি) টুইটারে কমলাকে নিয়ে তৈরি দু’টি প্রচ্ছদ প্রকাশ করে তারা। তাতে সকলে যে ভাবে তাকে দেখতে অভ্যস্ত, সে ভাবেই ধরা দিয়েছেন কমলা। একটিতে তার পরনে কালো ট্রাউজার্স এবং জ্যাকেট। পায়ে সাদা-কালো স্নিকার্স। আর অন্যটিতে ধূসর ব্লু রংয়ের স্যুট পরে দাঁড়িয়ে কমলা।

কিন্তু প্রচ্ছদের যে বিষয়টি সকলের নজর কাড়ল তা হল, দু’টি ছবিতেই কমলার গায়ের রং ফরসা দেখানো হয়েছে, যা বাস্তবের সঙ্গে যা মেলে না। এতেই জনপ্রিয় পত্রিকাটির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠতে শুরু করেছে। টুইটারে ‘ভোগ’-কে ট্যাগ করে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

পত্রিকার সম্পাদক অ্যানা উইন্টরের দিকে আঙুল তুলছে অনেকে। ব্রিটিশ-আমেরিকান অ্যানা শ্বেতাঙ্গ বর্ণের প্রতি বিশেষ ভাবে দুর্বল বলে কটাক্ষ করেছেন অনেকে।

জনপ্রিয় সংবাদ পত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর কর্মী ওয়াজাহাতের বক্তব্য, ‘অ্যানা উইন্টরের কোনও কৃষ্ণাঙ্গ বন্ধু বা সতীর্থ নেই বোধ হয়। বিনা পয়সায় নিজের ফোনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ছবি তুলে দিতে পারি আমি। আমি নিশ্চিত, ভোগ-এর প্রচ্ছদের চেয়ে তার গুণমান ১০০ বেশি ভাল হবে’।

২৬ বছর বয়সি চিত্র সাংবাদিক টাইলার মিশেল কমলার ওই ছবি দু’টি তুলেছেন বলে জানা গিয়েছে। কিন্তু কমলাকে ফরসা দেখাতে সেটির উপর কারিকুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কমলা বা ‘ভোগ’-এর তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading