১৪ জানুয়ারি আসছেন ডব্লিউএইচওর বিজ্ঞানীরা: চীন

১৪ জানুয়ারি আসছেন ডব্লিউএইচওর বিজ্ঞানীরা: চীন

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:১০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১০ জন বিজ্ঞানীর দল করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে আগামী বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে চীন সফর করবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, বেইজিং তদন্তকাজে দেরি করেছে।

করোনাভাইরাস মহামারি শুরুর এক বছরেরও বেশি সময় পরে এই তদন্তকাজ শুরু হতে যাচ্ছে।

এএফপির খবরে জানা যায়, জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে বলেছে, ডব্লিউএইচওর দল চীনের বিজ্ঞানীদের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে কোভিড–১৯–এর উৎস খুঁজবে।

গত বছর থেকে এই অভিযান নিয়ে আলোচনা চলছে। এই অভিযানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। গত মাসে চীন তদন্তকারী দলকে দেশে ঢোকার অনুমতি দেয়নি। এতে ডব্লিউএইচওর প্রধান চীনের সমালোচনা করেন।

চীনে পৌঁছানোর পর ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে বলে আশা করা হচ্ছে। এরপরে তারা উহানে যাবে।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া করোনা মহামারির উৎস তদন্তে আন্তর্জাতিক পর্যায়ে আহ্বান জানিয়েছে। করোনা মহামারি তদন্তের জন্য চীনের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় স্বচ্ছতা না রাখার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়েছে বেইজিং।

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর গত এক বছরে মৃত্যু হয়েছে ১৯ লাখের বেশি মানুষের। মহামারির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading