পিএসএলে নেই বাংলাদেশের কেউ

পিএসএলে নেই বাংলাদেশের কেউ

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৩০

রবিবার সন্ধ্যায় লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিক সূচি অনু্যায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত লাহোর ও করাচিতে হবে পিএসএলের এবারের আসর। সে লক্ষ্যেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী ছয় দল।

পিএসএল ড্রাফটে নাম ছিল বাংলাদেশের ২০ জন ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মোস্তাফিজুর রহমান। এছাড়া নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদদের।

তবে এদের কেউই দল পাননি। মূলত পিএসএলের সময় বাংলাদেশ দল থাকবে নিউজিল্যান্ড সফরে। যার ফলে প্লেয়ার্স ড্রাফটে নাম দিলেও, তাদের দল পাওয়া নিয়ে সংশয় একপ্রকার থেকেই গিয়েছিল। যা শেষতক সত্যিই প্রমাণিত হয়েছে। ছয় দলের কোনোটিই বাংলাদেশের কোনো খেলোয়াড়কে নেয়নি।

প্লেয়ার্স ড্রাফটের আগে সবদলকে সুযোগ দেয়া হয়েছিল তাদের আগের দল থেকে সর্বোচ্চ ৮ জনকে ধরে রাখার। পরে ড্রাফটসহ মোট ১৬ খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজানোর নিয়ম করে দেয়া হয়েছিল। এর বাইরে সুযোগ রাখা হয়েছিল আরও দুইজন বাড়তি খেলোয়াড়কে স্কোয়াডে রাখার।

সেই মোতাবেক প্লাটিনাম ক্যাটাগরির ৩, ডায়মন্ড ক্যাটাগরির ৩, গোল্ড ক্যাটাগরির ৩, সিলভার ক্যাটাগরির ৫ ও দুইজন ইমার্জিং খেলোয়াড় নিয়ে ১৬ জনের স্কোয়াড সাজাতে হয়েছে সব দলকে। এই ১৬ জনের স্কোয়াডে ন্যুনতম ৫ বিদেশি খেলোয়াড় রাখার কথা বলা হয়। যেখান থেকে মূল একাদশে ন্যুনতম তিন ও সর্বোচ্চ চার খেলোয়াড়কে নেয়া যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading