হংকংয়ে গ্রেপ্তারের নিন্দায় করেছে চার দেশ
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪০
গত সপ্তাহে হংকংয়ে ৫০ জনেরও বেশি গণতন্ত্রপন্থি কর্মী গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছে ৪টি দেশ। দেশগুলো হলো আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া।
রবিবার এক যৌথ বিবৃতিতে এই চার দেশ একযোগে নিন্দা জানিয়ে, চীনকে হংকংয়ের নাগরিকদের স্বাধীনতাকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
সরকারকে ‘পঙ্গু’ ও ‘উৎখাতের’ পরিকল্পনার মধ্য দিয়ে নতুন নিরাপত্তা আইন লংঘনের সন্দেহে ৬ জানুয়ারি হংকংয়ে অভিযান চালিয়ে গনতন্ত্রপন্থি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
বেইজিং গত বছর হংকংয়ে নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পর এ গ্রেপ্তারের ঘটনাটিই সেখানে সরকার-বিরোধী শিবিরের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ধরপাকড় অভিযান।
এ অভিযানের নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “বিরোধী রাজনৈতিক মত এবং বিরোধিতা দূর করতে জাতীয় নিরাপত্তা আইনকে কাজে লাগানো হচ্ছে- এটি পরিষ্কার।”
তিনি বলেন, “আমরা হংকং এবং চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষকের কাছে গ্রেপ্তার কিংবা আটক হওয়ার ভয়বিহীনভাবে হংকংয়ের জনগণকে তাদের বৈধ স্বাধীনতা এবং অধিকারকে সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি।”
হংকং সরকারের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা সমাজের ‘মারাত্মক ক্ষতি’ করার পরিকল্পনা করেছিল, কর্তৃপক্ষ এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বরদাশত করবে না।

