স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ‘পূর্ণাঙ্গ ক্রাইম’: আইজিপি
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:১৫
কলাবাগানে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনাকে ‘পূর্ণাঙ্গ ক্রাইম’ বলেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
সোমবার (১১ জানুয়ারি) র্যাব সদরদপ্তরে এক অনুষ্ঠানে বক্তব্যে অভিভাবকদের প্রতি সন্তানের ওপর নজর রাখার পরামর্শ দিয়ে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, “১৮ বছরের নিচে বয়সের সবাই শিশু। মানবাধিকার কর্মীরা এনজিওকর্মীরা অনেক হৈ চৈ করে অনেক আইন কিন্তু পরিবর্তন সংশোধন করেছেন। কিন্তু কলাবাগানে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু পূর্ণাঙ্গ ক্রাইম। এখানে ধর্ষণ ঘটানো হয়েছে, মৃত্যু ঘটানো হয়েছে। অথচ আমাদের দেশের আইন অনুযায়ী উভয়ই কিন্তু শিশু।
“অথচ আমরা এই আইনগুলো করেছি। অবশ্যই আমাদের আধুনিকায়ন দরকার, আইজিপি হিসেবে আমি দ্বিমত পোষণ করি না। তবে অত্যাধুনিক আইন করতে গিয়ে আমরা দেশের মধ্যে কোনো সমস্যা তৈরি করতেছি কি না সেদিকেও খেয়াল রাখতে হবে।”
গত ৭ জানুয়ারি রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের ও লেভেলের এই ছাত্রীকে অচেতন অবস্থায় ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান তার ছেলে বন্ধু ইফতেখার ফারদিন দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়।

