মাধ্যমিকে ভর্তি লটারির ফল জানবেন যেভাবে
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:০০
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এর আগে রাজধানীর আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাদিয়া আনহু তানহাকে দিয়ে আনুষ্ঠানিকভাবে লটারির কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বক্তব্য দেন।
এবার দেশের ৩৯০টি সরকারি স্কুলে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯ জন আবেদনকারী শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। এসব স্কুলে মোট আসন আছে ৭৭ হাজার ১৪০টি। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে ৭ শিক্ষার্থী লড়েছে।
লটারি শেষ হওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd/) থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানরা ফল ডাউনলোড করে জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ইমেইল করবেন। একই সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে।

