মেয়র তাপসের নামে ফেসবুক ফেক আইডি, গ্রেপ্তার ২
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৩০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ফেইসবুক আইডি খুলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (১০ জানুয়ারি) থেকে ধারাবাহিক অভিযানে রংপুর ও গাজীপুর জেলা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েববেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এরা হলেন- মো. জাকারিয়া ও একরামুল হক রাজু।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ডিএমপির গোয়েন্দা অফিস এলাকায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে এরা। পরে ওই টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে।
হাফিজ আক্তার আরও জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ফেইসবুক চালানোর ডিভাইস, একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্ট নম্বরের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

