৬৪ জেলায় ৬৩ হাজার নদী দখলদার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:১৫
দেশের ৬৪ জেলায় মোট ৬৩ হাজার ২৪৯ জন দখলদার ও দুষণকারীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা জাতীয় কমিশন। এর আগে এই তালিকায় ছিল ৫৭ হাজার ৩৯০ দখলদার। এর মধ্যে গত দুই বছরে ১৮ হাজার ৫৭৯ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে বলে কমিশন জানায়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) জাতীয় নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এইসব তথ্য প্রকাশ করা হয়। এসময় বলা হয়, নদীর দখল ও দূষণ রোধে শুধু আন্তরিক হলেই হবে না, আইনের সঠিক প্রয়োগ আর কঠোর হাতে দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান বলেন, ‘নদী কমিশনের মাধ্যমে নদীকে বাঁচানোর এই উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগ। আমরা এ নিয়ে কাজ করে যাচ্ছি। নদী কমিশন যে কাজ করছে তাতে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ব্রহ্মপুত্র বাঁচাতে আমরা কাজ করছি। এটি আরও জোরদার করা দরকার। আগামী ক্যাবিনেট সভায় নদী কমিশনের বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার চেষ্টা করবো যাতে এটি আরও গুরুত্ব পায়।’
নদী কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘গত এক বছরে আমরা প্রায় ১৮ হাজার ৫৭৯ দখলদারকে উচ্ছেদ করতে পেরেছি। গত এক বছরে দখল ও দূষণকারীদের তালিকা আরও বড় হয়ে ৫৭ হাজার ৩৯০ থেকে বেড়ে এখন ৬৩ হাজার ২৪৯ তে পৌঁছেছে।’
তিনি জানান, ‘নদীর দখল ও দূষণ রোধে আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে ২০০ কোটি টাকা চেয়েছি। পাশাপাশি দুই প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছি পরিকল্পনা কমিশনে। করোনার কারণে আমাদের কিছু কাজ পিছিয়ে গেছে। অর্থ ও প্রকল্পগুলো অনুমোদন পেলে আমরা যেসব কাজে পিছিয়ে গেছি তা কাটিয়ে উঠতে পারবো।’

