বঙ্গবন্ধুর সব মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: পুলিশ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:০০
সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব নির্মিত ও নির্মাণাধীন ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে পুলিশ সদরদপ্তর থেকে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (কনফিডেন্সিয়াল) মো. হায়দার আলী খানের স্বাক্ষরে পাঠানো প্রতিবেদনটি মঙ্গলবার (১২ জানুয়ারি) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, বঙ্গবন্ধুর যত ম্যুরাল ও ভাস্কর্য আছে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে সিসি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা বাহিনী নিয়োগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে।

