জব্দ সুন্ধি কচ্ছপ, বিক্রেতার ৬ মাসের জেল
উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪৫
ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট খুলনার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা মুরগীর বাজারে এ অভিযান চালিয়ে ৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপ জব্দ করে। এসময় এক চোরা করবারিকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত বিক্রেতার নাম নিরাপদ সরকার (৬৯)।
বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ গণমাধ্যমকে জানান, মুরগি ব্যবসায়ী নিরাপদ সরকার মুরগি ব্যবসার পাশাপাশি গোপনে কচ্ছপ বিক্রি করতেন। এ সময় ক্রেতা সেজে ৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ও কচ্ছপগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার নির্দেশ দেন।

