৯০ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবর ভিত্তিহীন: আইসিটি বিভাগ

৯০ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবর ভিত্তিহীন: আইসিটি বিভাগ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৫৫

৯০ কোটি টাকা ব্যয়ে করোনা ভ্যাকসিন-বিষয়ক অ্যাপ তৈরিতে খবরটিকে মিথ্যা, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

১১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘২৫ জানুয়ারির মধ্যে আসতে পারে টিকা, নিবন্ধন অ্যাপে। এ অ্যাপ তৈরিতে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হচ্ছে’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে আইসিটি বিভাগ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ব্যাখ্যা তুলে ধরেছে আইসিটি বিভাগ।

আইসিটি বিভাগের বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি সর্বৈব মিথ্যা, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বিধায় জনগণের বিভ্রান্তি নিরসনকল্পে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। স্বাস্থ্য অধিদফতর ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনার লক্ষ্যে কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ সফটওয়্যার ও অ্যাপটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের নিজ জনবল দিয়ে তৈরি করা হচ্ছে। যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের নিজস্ব জনবল দিয়ে এই অ্যাপ তৈরি হচ্ছে, সেহেতু এই সফটওয়্যার ও অ্যাপ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কিংবা স্বাস্থ্য অধিদফতরের কোনও অর্থ খরচ হবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটওয়্যারটি তৈরি করে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য অধিদফতরকে ব্যবহারের জন্য সরবরাহ করবে। সুতরাং, ‘সুরক্ষা’ সফটওয়্যার ও অ্যাপ তৈরিতে কোনও সরকারি খরচ নেই এবং এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কারও কাছে কোনও টাকা দাবি করেনি।

ব্যাখ্যায় আরও বলা হয়, এতে করে সরকারি জনবল ও সম্পদের সঠিক সমন্বয়ে সরকারি অর্থের সাশ্রয় হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এর আগে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম (ক্যামস) সফওয়্যারটি নিজস্ব জনবল দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করেছিল। সফটওয়্যারটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। এ সফটওয়্যারটি ব্যবহারে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘ভ্যাকসিন-বিষয়ক অ্যাপ তৈরিতে এক টাকাও খরচ হচ্ছে না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading