এক সপ্তাহ স্থগিত ট্রাম্পের ইউটিউব চ্যানেল
উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৩১
ফেইসবুক, টুইটারের পর এবার গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কর্তৃপক্ষও ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল এক সপ্তাহ স্থগিত করেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) টুইটারে এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে, ‘নতুন করে সহিংসতার শঙ্কা থাকায়’ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের চ্যানেল তারা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখছে।
ইউটিউবের ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা সাম্প্রতিক একটি ভিডিও তাদের একটি নীতিমালা ভঙ্গ করেছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে,আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের ভুয়া অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের কয়েকটি ভিডিওতে। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৮ লাখ।
ইউটিউব বলেছে, অন্তত সাত দিন ট্রাম্প তার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। পাশাপাশি তার তোলা ভিডিওতে মন্তব্য করার সুযোগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ক্যাপিটল ভবনে হামলা চালানো রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প টুইট করার পর তার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে টুইটার ও ফেইসবুক কর্তৃপক্ষ।
ফেইসবুক কর্তৃপক্ষ পরে জানায়, প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর শেষ হওয়া পর্যন্ত অন্তত দুই সপ্তাহ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতই থাকবে। ইনস্টাগ্রামও ট্রাম্পের অ্যাকাউন্টের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেয়।
টুইটার কর্তৃপক্ষ মাঝে একবার ট্রাম্পকে তার অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ দিলেও পরে জানায়, ‘সহিংসতায় উসকানির শঙ্কা’ থাকায় প্রেসিডেন্টের অ্যাকাউন্ট তারা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে।

