বৃহস্পতি গ্রহে এফএম সিগন্যাল, প্রাণের সন্ধান নিয়ে জল্পনা
উত্তরদক্ষিণ | শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:০০
জোতির্বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের মত মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের খোঁজের বিষয়টিও’ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে পৃথিবীর বাইরে বুদ্ধিমত্তা অনুসন্ধানের বিষয়টি বিজ্ঞানের ঠিক প্রথাগত গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে পড়ে না। আমাদের পৃথিবীর বাইরে প্রাণীর অস্তিত্ব আছে কিনা বা সত্যিই এলিয়েনের অস্তিত্ব আছে কিনা, তা নিয়ে তর্ক-বিতর্ক কখনই শেষ হবার নয়। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এ বিষয়ে মানুষের কৌতুহল শুধু বেড়েছেই।
২০২০ সালের ফেব্রুয়ারির শুরুতে বৈজ্ঞানী মনিকা গ্রেডি মন্তব্য করেছিলেন যে, তিনি ‘প্রায় নিশ্চিত’ যে জুপিটারের একটি চাঁদ ‘ইউরোপা’য় প্রাণের অস্তিত্ব আছে।
সেই ধারণা হয়তো সত্যি হতে চলেছে। একের পর এক নতুন নতুন আবিষ্কারের শিরোনামে নাসা। সেইসব আবিষ্কারে নতুন মাত্রা যোগ করেছে বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নাসা বৃহস্পতির ‘চাঁদ’ থেকে এফএম রেডিয়ো সিগন্যাল পেয়েছে।
বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল পাওয়ার মতো অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করে মহাকাশযান জুনো। আর তা থেকেই জল্পনার শুরু। ধারণা করা হচ্ছে, ওই উপগ্রহে কোনও ভিনগ্রহের প্রাণীর বাস থাকতে পারে।
বর্তমানে বৃহস্পতির চার পাশে চক্কর কাটছিল ‘নাসা’-র জুনো নামের মহাকাশযানটি। তখনই তার রাডারে ধরা পড়ে এই এফএম তরঙ্গ।
পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীরা সেই তরঙ্গের বিশ্লেষণ করে জানান, আমাদের গ্রহে যে এফএম তরঙ্গের মাধ্যমে আমরা রেডিয়োয় গান শুনি, তার সঙ্গে এই তরঙ্গের বিশেষ কোনও ফারাক নেই। খোঁজ নিয়ে জানা যায়, এই তরঙ্গের উৎস বৃহস্পতির ৭৯টি উপগ্রহের একটি ‘গ্যানিমিড’ থেকেই ভেসে আসছে তরঙ্গটি।
তখনই জল্পনার শুরু হয়। তবে কি মহাকাশে সত্যিই অন্য প্রাণী আছে? না, সে জল্পনায় অবশ্য জল ঢেলে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এটি প্রকৃতির নিজের সৃষ্টি করা তরঙ্গ। বহু ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তনের কারণে এ ধরণের তরঙ্গ নিজে থেকেই তৈরি হয়। এ ক্ষেত্রেও তাই-ই হয়েছে।
তবে আগামী দিনে এই তরঙ্গ নিয়ে আরও কাজ করা এবং বিশ্লেষণ করার দরকার আছে বলেও মনে করছেন তারা। হয়তো এ থেকে ভৌতবিজ্ঞানের আরও নানা দিকের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে বলে তাদের মত।

