বনাঞ্চলে পোকামাকড় ও ছত্রাকের হামলা

বনাঞ্চলে পোকামাকড় ও ছত্রাকের হামলা

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:১৯

জার্মানিতে বেড়ে চলা উষ্ণতা ও শুষ্ক আবহাওয়ায় বনজঙ্গল বাঁচিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে৷ মিশ্র জঙ্গল, ভিন্ন জাতের গাছপালা লাগিয়ে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় দেখা যাচ্ছে না৷ অনেক বিচ গাছের বাকল রোগের কবলে পড়ছে৷ ডাইপ্লোডিয়া নামের এক ছত্রাক গাছ মেরে ফেলছে৷ লার্চ বার্ক বিটল পোকা লার্চ গাছের উপর হামলা চালাচ্ছে৷

হেসে রাজ্যের অরণ্যের একটা অংশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ প্রায় ২০ হেক্টর জুড়ে প্রায় ৩০,০০০ সাইকোমোর গাছ দ্রুত কেটে ফেলতে হয়েছে৷ শুধু কিছু অবশিষ্ট অংশ পড়ে রয়েছে৷ উত্তর অ্যামেরিকা থেকে আসা এক ছত্রাকের কারণে সেই গাছগুলির ‘সুটি বার্ক ডিজিজ’ নামের রোগ হয়েছিল৷ সেই ছত্রাক গাছের বাকলের নীচে বেড়ে ওঠে৷ পর্যাপ্ত পানির অভাবে গাছ দুর্বল হয়ে পড়লে সেই ছত্রাক দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় এক সেন্টিমিটার পুরু কালো স্তর সৃষ্টি হয়৷ সেই ছত্রাক মানুষের মধ্যেও মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটাতে পারে৷

বনবিভাগের স্থানীয় কর্মকর্তা ও তার সহকর্মীদের কয়েক সপ্তাহ ধরে শ্বাসপ্রশ্বাসের জন্য বিশেষ মাস্ক পরে জঙ্গলের মধ্যে ঘুরতে হয়েছিল৷ বনবিভাগের কর্মকর্তা ইয়োর্গ হেসলার বলেন, ‘‘সেটা খুবই বেদনাদায়ক ঘটনা ছিল, কারণ জার্মানিতে এর আগে এত বড় মাত্রায় এমন বিপর্যয় ঘটেনি৷’’

চারাগাছ টিকিয়ে রাখতে ইয়োর্গ ২০টি পানির আধার প্রস্তুত রেখেছেন৷ দীর্ঘ সময় ধরে শুষ্ক মরসুম চললে তিনি সেগুলি ব্যবহার করছেন৷ তাতে কাজ হচ্ছে কিনা, তিনি অদূর ভবিষ্যতেই জানতে পারবেন৷

বন বিশেষজ্ঞ হিসেবে সেবাস্টিয়ান পাচকভস্কি বলেন, ‘‘বার্ক বিটল যা করে, আসলে আমরাও সেটাই করছি৷ সেই পোকা গন্ধ শুঁকে আক্রান্ত গাছে ঢুকে গর্ত করে৷ আর আমরা গাছ শনাক্ত করে সেটি সরিয়ে নেবার ব্যবস্থা করছি৷’’

বিটল বংশবৃদ্ধি করার আগে, প্রথম পর্যায়েই সেই গাছ কেটে ফেলা এই উদ্যোগের লক্ষ্য৷ তবে ডিটেক্টর ড্রোন এখনো বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত হয় নি৷ পেট্রা ভেস্টফাল এই ড্রোন সম্পর্কে আশাবাদী৷ তিনি বলেন, ‘‘এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আরও দ্রুত, আরও বেশি সংখ্যক আক্রান্ত গাছ চিহ্নিত করতে পারবো৷ ফলে আমরা আরও বেশি গাছ বাঁচাতে পারবো৷’’

ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রস্তুতি নিতে পেট্রা ভেস্টফাল সেখানে প্রকৃতির নিয়ম মেনে মিশ্র জঙ্গল সৃ্ষ্টি হতে দিতে চান৷

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading