এইচএসসির ফল প্রস্তুত করা হয়েছে: শিক্ষামন্ত্রী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৫
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ফল প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে এইচএসসি ও সমমানের ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, কারিগরি ও মাদ্রাসার বোর্ড এর সংশোধিত আইন-২০২১ উত্থাপনকালে তিনি এ কথা বলেন।
এ ফল প্রকাশ করতে তিনটি পৃথক বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। তবে এ বিলের বিরোধীতা করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এইচএসসি’র ফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকরা অপেক্ষা করছেন। ফল প্রস্তুতও আছে। কিন্তু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফল দেওয়ার বিষয়টি ছিল। এবার বৈশ্বিক সংকটের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পরীক্ষার ফলের ভিত্তিতে এই ফল দিতে যাচ্ছি, সে কারণে বর্তমান আইনটি সংশোধন করার প্রয়োজন দেখা দিয়েছে।’

