দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার

দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:১২

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বর্তমানে দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই হিসাব মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংসদে এক প্রশ্নের জবাবে দেন তিনি।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নে মন্ত্রী জানান, মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড, ডাম্পিংসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার প্রশ্নে তিনি বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

বৈশ্বিক মহামারীর কারণে পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাতদিন কাজ হলেও কোভিডের কারণে রাতে কাজ বন্ধ ছিলে। এ সময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।”

রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের প্রশ্নে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রেলওয়ের ৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭৯টি সম্পন্ন হয়েছে।

এ কে এম রহমতুল্লাহর প্রশ্নে তিনি বলেন, রেলওয়ের অব্যবহৃত জমি ব্যবহারের জন্য ‘ল্যান্ড ইউজ প্লান’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির মোশারফ হোসেনের প্রশ্নে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, পাটকল শ্রমিকদের পাওনা বাবদ ইতোমধ্যে এক হাজার ৫৫৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় সমপরিমাণ পাওনা সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হচ্ছে। পাট ব্যবসায়ীদের বকেয়া পাওনা ২০২১-২২ অর্থবছরে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading