১৩০ কোটি ডলারের মামলা জুলিয়ানির বিরুদ্ধে

১৩০ কোটি ডলারের মামলা জুলিয়ানির বিরুদ্ধে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৩৩

আমেরিকার নির্বাচনী প্রযুক্তি প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেম সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির বিরুদ্ধে ১৩০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে । মার্কিন নির্বাচনে ‘ভোট জালিয়াতির’ ভুয়া অভিযোগ তোলায় এবং এ নিয়ে টিভি চ্যানেলসহ বিভিন্ন মাধ্যমে দেওয়া বক্তব্যে চরম মিথ্যাচার করায় এ মামলা করা হয়েছে ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, সোমবার (২৫ জানুয়ারি) সকালে ডোমিনিয়ন এই মামলা দায়ের করে। ওয়াশিংটন ডিসির আদালতে দায়ের করা এই মামলায় ডোমিনিয়ন অভিযোগ করেছে, জুলিয়ানি ও তার বন্ধুরা এই চরম মিথ্যাচার করেছেন যে, ডোমিনিয়ন তাদের ভোট চুরি করেছে। এই মিথ্যাচার তাদের অনুসারীদের টুইট, রিটুইটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখান ছড়িয়ে পড়ে। ফলে এই মিথ্যাগুলো বড় ভিত পেয়ে যায়। কোটি মানুষ এই মিথ্যাচারকে বিশ্বাস করেছে। এর ফলে ডোমিনিয়নের ব্যবসা ও সুনামের ভয়াবহ ক্ষতি হয়েছে, যা অপূরণীয়।’

মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন বক্তব্যে রুডি জুলিয়ানি দাবি করেছেন যে, ডোমিনিয়নের মালিকানা ভেনেজুয়েলার কমিউনিস্টদের হাতে, যারা মার্কিন নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত করছে। অথচ ডোনাল্ড ট্রাম্পের হয়ে করা কোনো মামলাতেই তিনি এই ব্যাপারে কিছু উল্লেখ করেননি।

এ বিষয়ক এক বিবৃতিতে রুডি জুলিয়ানি সিএনএনকে বলেন, ‘ডোমিনিয়নের করা এই ১৩০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার মধ্য দিয়ে আমি তাদের ইতিহাস, অর্থায়ন ও চর্চা বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালানোর সুযোগ পেলাম। যে অঙ্কের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, তা যে কার্ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এটি বাক্‌স্বাধীনতা খর্ব করতে বামপন্থীদের ঘৃণাপূর্ণ ও আতঙ্ক ছাড়ানোর আরেকটি নিদর্শন।’ তিনি বলেন, সাংবিধানিক অধিকার খর্বের অভিযোগ তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করা যায় কিনা, তা তিনি ভেবে দেখবেন।

আমেরিকার নির্বাচনের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের মার্কিন নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষাপটে ডোমিনিয়ন কিছু দিন আগে আরেকটি মামলা করেছিল। আগের মামলাটি হয়েছিল জুলিয়ানির সঙ্গে ট্রাম্পের হয়ে লড়া সিডনি পাওয়েলের বিরুদ্ধে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading