‘চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না’

‘চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৫৫

নির্বাচনে বহিরাগত ঠেকাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কাউকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তবে বয়স্কদের জন্য এ সিদ্ধান্ত শিথিল থাকবে বলে জানান তিনি। সিএমপি কমিশনার বলেন, ‘যাদের সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড থাকবে তাদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ অবশ্যই আনন্দমুখর হবে। যারা ভোটার আইডি কার্ড নিয়ে আসবে না তাদের জন্য বা বহিরাগতদের জন্য দরজা বন্ধ। বাইরে থেকে কেউ এসে নির্বাচনকে যেন প্রভাবিত করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক প্রস্তুতির বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট কেন্দ্রে এনআইডি নিয়ে আসা বাধ্যতামূলক নয়। সিএমপির এই সিদ্ধান্তে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বহিরাগত ঠেকানোর একটা পথ হচ্ছে এনআইডি কার্ড। একজন ভোটারকে শনাক্ত করা যাবে তার এনআইডি কার্ডের মাধ্যমে। এনআইডি কার্ড যার কাছে থাকবে তিনি এখানকার সম্মানিত ভোটার। তবে বয়স্ক নারী কিংবা বৃদ্ধ লোককে আমরা এ জন্য আটকাবো না। আপনারা জানেন নির্বাচনে সাধারণত কারা শক্তি প্রদর্শন করে থাকে, তাদের জন্য এ বার্তা।’

ভুল বোঝাবুঝি এড়াতে ভোটের দিন কর্মস্থলে যাওয়া লোকজনকেও এনআইডি কার্ড সঙ্গে রাখার অনুরোধ করেন সিএমপি কমিশনার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading