মিয়ানমারে সূ চি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সেনাবাহিনীর
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৫৫
ভোট জালিয়াতির অভিযোগ তুলে দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এই হুমকি দিয়ে বলেছেন, সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের নভেম্বরে নির্বাচনে বিজয়ী হয় সু চির দল এনএলডি। ফল ঘোষণার পর থেকেই দেশটির সেনাবাহিনী ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছে।
অভ্যুত্থানের সম্ভাবনা নাকচ করে দিয়ে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেছেন, ‘তারা যদি সমাধান না করে তাহলে সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাওয়াসহ সম্ভাব্য সব পদক্ষেপ নেব।’
মিয়ানমারের সংবিধানে সেনাবাহিনীর জন্য পার্লামেন্টে ২৫ শতাংশ আসন বরাদ্দের কথা বলা আছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতেও সেনা সদস্যদের নিয়োগ দেওয়া হয়।
সু চির দল এনএলডির মুখপাত্র মাইও নাইয়ান্ত রয়টার্সকে জানিয়েছেন, ভোটে কোনো জালিয়াতি হয়েছে কিনা এটি দেখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
প্রসঙ্গত, গত আট নভেম্বর ২০২০ অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) পুনরায় সরকার গঠনের জন্য নির্বাচিত হলেও বিরোধী দল ফলাফল মেনে না নেওয়ায় সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। কারণ বিরোধীপক্ষ এবং সেনাবাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ফলাফল মেনে নিতে রাজি না, যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক দল এবং দেশটির নির্বাচন কমিশন এটিকে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন বলছে।

